শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চ বলেছে, খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।
রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এ দাবি জানানো হয়।
এর আগে, ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সাংস্কৃতিক সংগঠনটি।
আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার পর্যন্ত এ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা কর্তৃক শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে একজন অতিরিক্ত আইজিপিকে মিডিয়ার মুখোমুখি করার মধ্য দিয়ে পুরো ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং প্রশাসনিক পদক্ষেপের ব্যাপারে আশানুরূপ জবাব দিতে ব্যর্থ হওয়ায় প্রশাসনের বক্তব্যকে প্রত্যাখানপূর্বক সোমবার( ২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করছি।এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে দুই দফা দাবি জানিয়েছিল সংগঠনটি। রোববার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪ টায় সংগঠনটি অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এ দাবিগুলো জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদ শরিফ ওসমান হাদির খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ১২ ডিসেম্বর থেকে এখন অব্দি বিচারের জন্য কী কী পদক্ষেপ নেয়া হয়েছে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিতকরে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। রোববারের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কে পদত্যাগ করতে হবে।’