১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সম্পূর্ণ নিউজ

স্বর্ণের দামে ইতিহাস

unmochon_image_27

বিশ্ববাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দামে নতুন ইতিহাস তৈরি হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রুপা ও প্লাটিনামের দামও।

ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্যঝুঁকি এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের সুদের হার আরও কমতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন।

বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৫টা ৫২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৪৯৫ দশমিক ৩৯ ডলার। লেনদেনের একপর্যায়ে সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৫২৫ দশমিক ১৯ ডলারে পৌঁছায়, যা সর্বকালের রেকর্ড। একই দিনে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার্স ০.৪ শতাংশ বেড়ে রেকর্ড ৪ হাজার ৫২২ দশমিক ১০ ডলারে ওঠে।
রুপার দাম ১.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৭২ দশমিক ১৬ ডলারে। এর আগে লেনদেনে রুপা সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ ডলারে পৌঁছায়। প্লাটিনামের দাম ২.৫ শতাংশ লাফিয়ে বেড়ে হয় ২ হাজার ৩৩৩ দশমিক ৮০ ডলার, যা এর আগের রেকর্ড ২ হাজার ৩৭৭ দশমিক ৫০ ডলারের কাছাকাছি।

অন্যদিকে, প্যালাডিয়ামের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ৯১৬ দশমিক ৬৯ ডলারে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

বাজার বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনীতিতে ডি-গ্লোবালাইজেশনের প্রবণতা, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান উত্তেজনা এবং সার্বভৌম ঝুঁকিমুক্ত সম্পদের চাহিদা মূল্যবান ধাতুর বাজারকে চাঙ্গা করছে। টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, বর্তমান পরিস্থিতিতে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু একটি ‘নিরপেক্ষ’ সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও জানান, বছরের শেষের দিকে বাজারে তারল্য কম থাকায় দামের ওঠানামা কিছুটা বেশি হলেও সামগ্রিক প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী ছয় থেকে ১২ মাসে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ডলার এবং রুপার দাম ৮০ ডলারের কাছাকাছি যেতে পারে বলে ধারণা করছেন তিনি।

চলতি বছরে স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। নিরাপদ বিনিয়োগের চাহিদা, সুদের হার কমার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী ক্রয়, ডি-ডলারাইজেশন এবং ইটিএফে বিনিয়োগ এই উত্থানের পেছনে প্রধান কারণ। একই সময়ে রুপার দাম বেড়েছে ১৫০ শতাংশের বেশি, যা সোনাকেও ছাড়িয়ে গেছে।

স্বর্ণের দামে ইতিহাস

অন্যান্য খবর